সিলেটটুডে ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০১৬
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর) দেশের সব মদের বার বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, ‘থার্টি ফার্স্টের দিন সন্ধ্যা ৬টার পর কোনও উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। যদি কেউ ইনডোরে কোনও অনুষ্ঠান করতে চান, তাহলে আগে থেকেই পুলিশকে জানাতে হবে। কোনও আতশবাজিও ছোড়া যাবে না।’
সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আবুল হোসেন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, ময়মনসিংহ-১-এর সংসদ সদস্য জুয়েল আরেংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অতি উৎসাহী যুবকরা আইনশৃঙ্খলা মানতে চায় না। এ কারণেই ওই রাতকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেবে পুলিশ। সন্ধ্যা ৬টার মধ্যে উন্মুক্ত স্থানের সব অনুষ্ঠান শেষ করতে হবে। কূটনৈতিক জোনে নিরাপত্তা বাড়ানো হবে।’
উন্মুক্ত স্থানে অনুষ্ঠান পালন নিষেধ মানুষের জন্য কোনও বাধা কিনা—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এছাড়া বড়দিনের অনুষ্ঠান উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর বড়দিন। সারাদেশে ৬২টি গির্জা রয়েছে। এগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকায় মিরপুর, কাকরাইল ও তেজগাঁওয়ের বড় তিনটি গির্জায় বিশেষ নজর রাখা হবে। সেখানে সাদা পোশাকের পুলিশ থাকবে। অনুষ্ঠান স্বাচ্ছন্দ্য সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হবে।’