Sylhet Today 24 PRINT

বর্ষবরণ অনুষ্ঠানে শ্লীলতাহানি : আদালতে অভিযোগপত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৬

২০১৫ সালের বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসএসসিতে কয়েকজন নারীকে শ্লীলতাহানির ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় মো. কামাল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নারী ও শিশু শাখায় মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক এ অভিযোগপত্র দাখিল করেন।

সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেকর্ডিং অফিসার (জিআরও) পার্থ চ্যাটার্জি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, এ মামলায় সাক্ষী করা হয়েছে ৩৪ জনকে।

এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি এ মামলায় কামাল হোসেনকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এরপর ১৮ জুলাই হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পায় কামাল। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনা করা হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজের মাধ্যমে ৮ জনকে শনাক্ত করে গণমাধ্যমে ছবি প্রকাশ করে পুলিশ। এরপর এই ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, শনাক্ত করে আসামিদের খুঁজে না পাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চিহ্নিত ৮ শ্লীলতাহানিকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও বর্ষবরণে শ্লীলতাহানির ঘটনা গোপন ও প্রকাশ্যে প্রমাণিত হয়েছে।

তবে তাদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিলো।

পরে তদন্তে সাক্ষ্য প্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায় মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হয়। পরবর্তীতে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাপদ্দার ওই প্রতিবেদনটি গ্রহণ না করে পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.