Sylhet Today 24 PRINT

শাকিলের লেখার ক্ষমতা ছিল অসাধারণ : অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যপ্রয়াত বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের স্মৃতিচারণ করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, জটিল অনেক বিষয় অনুধাবন করে সাবলীলভাবে লেখার ক্ষেত্রে শাকিলের ক্ষমতা ছিল অসাধারণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মঙ্গলবার প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ৪৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ সব কথা বলেন।

মাহবুবুল হক শাকিলের কর্মজীবনের সহকর্মী, বন্ধু-বান্ধবরা ‘সুহৃদজন’ নামে একটি সংগঠনের ব্যানারে এ স্মরণ সভার আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, কঠিন কোনো বিষয় একটু বুঝিয়ে বললেই তিনি তা আত্মস্থ করে নিতেন এবং তা সুন্দর করে লিখে হাজির করতেন। শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করতেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ ও অপছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝতেন। এছাড়া শাকিল রাজনৈতিক বিষয়াবলী অনুধাবন করে তা সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন।

একই অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শাকিলের স্মৃতিচারণ করে বলেন, একাত্তরের ঘাতকদের বিচার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার এ অসাধ্য সাধনের পেছনে যে ছোট ছোট অবদান রয়েছে তার মধ্যে শাকিল একজন।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, কবি অসীম সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.