Sylhet Today 24 PRINT

পাকিস্তানকে ‘ডাকাতের দেশের’ তালিকায় এক নম্বরে রাখা উচিত: অর্থমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৬

রাষ্ট্র হিসেবে পাকিস্তান খুবই বাজে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, গত ৪৫ বছরে বাংলাদেশ সব দিক থেকেই এই দেশটিকে ছাড়িয়ে গেছে। অথচ সেই পাকিস্তানই অকারণে বাংলাদেশে নাক গলাতে চাইছে।

বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) গত এক বছরের লভ্যাংশের ১০ কেটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যাদের সঙ্গে ঝগড়া-ঝাটি করে দেশ ছাড়লাম। তারা অনেক উন্নত অবস্থায় ছিল সেই সময়। এখন সেরকম উন্নত অবস্থায় নেই। আমরা বিভিন্ন সূচকে অনেক এগিয়ে আছি। এখন কোনো তুলনাই হয় না ওদের সঙ্গে।‘

মুহিত বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ ছিল বিধ্বস্ত। সেখান থেকে আমরা অনেক এগিয়েছি। এটা একান্তই কৃতিত্বের বিষয়।

পাকিস্তান এখনও বাংলাদেশকে নিয়ে নাক গলাতে চায় বলে অভিযোগ করে মুহিত। বলেন, ‘পাকিস্তান এমন একটি পাজি দেশ যে তাদের কোনো স্বার্থই নেই, অথচ সব বিষয়ে তারা নাক গলায়। এটা অত্যন্ত দু:খের বিষয়।’

পাকিস্তানকে ‘ডাকাতের দেশের’ তালিকায় এক নম্বরে রাখা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.