Sylhet Today 24 PRINT

চট্টগ্রামগামী বিমানের জরুরি অবতরণ ঢাকায়

সিলেটটুডে ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০১৬

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। নামার সময় বিমানটির চাকা ফেটে যায়। তবে সব যাত্রী নিরাপদে নেমে আসতে পেরেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্লেনটির জরুরি অবতরণ করানো হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজটির সামনের একটি চাকা বিস্ফোরিত হওয়ায় এ ঘটনা ঘটে।

বিমান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে মাস্কাট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি-১২২ ফ্লাইট। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও সাত জন কেবিন ক্রু ছিল। দেশে ফেরার সময় পাইলট লক্ষ্য করেন উড়োজাহাজের একটি চাকা বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি বিমানের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এ অবস্থায় জরুরি অবতরণের সকল সুবিধা শাহজালালে থাকায় চট্টগ্রামে না গিয়ে ঢাকার দিকে ফিরে আসে উড়োজাহাজটি। নিরাপদে অবতরণের জন্য জ্বালানি তেল কমাতে উড়োজাহাজটিকে অতিরিক্ত সময় আকাশে ওড়ানো করা হয়। এছাড়া বিমানের প্রকৌশলীরা রান ওয়েতে গিয়ে অবস্থান নেন এবং পাইলট দুবার লো ফ্লাই করেন। পরবর্তীতে নিরাপদে বিমানটি শাহজালালে অবতরণ করে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, ‘উড়োহাজাজটি নিরাপদে অবতরণ করেছে। বিমানের সকল যাত্রী অক্ষত রয়েছেন।’

নিরাপদে অবতরণের জন্য জ্বালানি তেল কমাতে উড়োজাহাজটিকে অতিরিক্ত সময় আকাশে ওড়ানো করা হয় বলে জানায় বিমান। এছাড়া বিমানের প্রকৌশলীরা রান ওয়েতে গিয়ে অবস্থান নেন এবং পাইলট দুবার লো ফ্লাই করেন।

উড়োজাহাজের ১৪৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু’র সবাই নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। তবে এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরণের উড্ডয়ন এবং অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকা ফিরে আসে। পরে ত্রুটি মেরামত শেষে আবার মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

এছাড়া গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ সময় তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে বিমানটি। পরে অন্য একটি প্লেন পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরির বুদাপেস্টে পৌঁছানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.