Sylhet Today 24 PRINT

উদীচীর ২০তম জাতীয় সম্মেলন শুরু

\'জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই\'

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৬

“জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই”- এই শ্লোগান নিয়ে আজ (বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিনদিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন।

সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহান ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক এবং ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রথম শহীদ মিনারের অন্যতম রূপকার ডা. সাঈদ হায়দার।

উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলী গোলাম আরিফ টিপু এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও উদীচী’র সাবেক সভাপতি অধ্যাপক যতীন সরকার।

সম্মেলনের প্রথম দিন উদ্বোধনের পর দেশের বিভিন্ন স্থান থেকে উদীচী’র শিল্পী-কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজন করা হয় মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান।

সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন, ২৩ ও ২৪ ডিসেম্বর প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে সম্মেলনের সাংগঠনিক অধিবেশন। ২৩ ও ২৪ ডিসেম্বর সাংগঠনিক অধিবেশনের পর সন্ধ্যায় কাজী বশির মিলনায়তন (ঢাকা মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান)-এ অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। দেশের বিভিন্ন স্থান থেকে আগত উদীচী’র শিল্পী-কর্মীরা উপস্থাপন করবেন আবহমান বাংলার ঐতিহ্যের ধারক-বাহক নানা বৈচিত্র্যপূর্ণ পরিবেশনা।

২৪ ডিসেম্বর বিকেলে পরবর্তী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন এবং নতৃন নেতৃত্বের শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২০তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানমালা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.