Sylhet Today 24 PRINT

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি: গুলিতে ব্যাংকারসহ নিহত ৬

নিউজ ডেস্ক  |  ২১ এপ্রিল, ২০১৫

গাজীপুরের আশুলিয়ায় পোশাক শিল্প পল্লী এলাকায়একটি ব্যাংকে ঢুকে ডাকাতের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত নিহত হয়েছে।

কাঠগড়া এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় মঙ্গলবার দুপুর ২টার দিকে এক দল ডাকাত হানা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

পুলিশের সাভার জোনের সিনিয়র সহকারী কমিশনার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৩টার দিকে তিনটি মোটর সাইকেলে এসে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ডাকাতদল গুলি করতে থাকে। এতে ভয়ে লোকজন ছুটোছুটি করতে থাকেন। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ হয়ে নিহতরা হলেন- ব্যাংকের ম্যানেজার মো. অলিউল্লাহ, নিরাপত্তাকর্মী বদরুল আলম, গ্রাহক পলাশ, মুড়ি বিক্রেতা মুনির ও স্থানীয় ব্যবসায়ী জিল্লুর রহমান। তারা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক জাহিদুর রহমান।

এ দিকে গুলি করে পালানোর সময় ব্যাগে রাখা বোমা বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়। হামলাকারী আরেক ডাকাতকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.