Sylhet Today 24 PRINT

নিজেদের এলাকায় যেতে পারবেন না মন্ত্রী ও এমপিরা

জেলা পরিষদ নির্বাচন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৬

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রীদের নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়া এবং অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরে বাংলা নগরস্থ ইসি'র কার্যালয়ে এ নির্দেশনার কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। আগামী ২৮ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার ( দুপুরে) শেরে বাংলা নগর ইসির কার্যালয়ে সাংবাদিকদের এ নির্দেশনার কথা জানান নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মো. শাহনেওয়াজ আরও বলেন, জেলা পরিষদ নির্বাচন একটি নতুন সংযোজন। আমরা সুন্দরভাবে নির্বাচনটি করতে চাই। বিভিন্ন ধরণের অভিযোগও আমাদের কাছে এসেছে। এসব অভিযোগ খতিয়ে দেখে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।’

তিনি আরও বলেন, আমরা রিটার্নিং কর্মকর্তাকে বলে দিয়েছি মোবাইল ও ক্যামেরা নিয়ে কেউ বুথে যেতে পারবে না। ব্যালট পেপারে কোনো চিহ্ন থাকলে তা বাতিল করা হবে।

তিনি জানান, লিখিত ও মৌখিকভাবে কিছু কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে এমপিদের বিরুদ্ধে।  তারা প্রভাব বিস্তার করছেন। তবে কিছু এমপি আমাদের সহায়তা করছে। কিছু এমপি প্রভাব বিস্তার করছেন স্থানীয়ভাবে। যারা প্রভাব বিস্তার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য অথবা প্রভাবশালী যেই হন না কেন নির্বাচনে প্রভাব বিস্তার করবেন না। নইলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিরাপত্তা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, অন্যান্য নির্বাচনের মতো পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। নিরাপত্তা বাহিনী কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবেন। কেন্দ্রকে ঘিরেই নিরাপত্তা বলয় করবো। শান্তিতে সবাই যেন ভোট দিতে পারে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.