Sylhet Today 24 PRINT

বাংলা একাডেমির বিরুদ্ধে মামলা করবে শ্রাবণ প্রকাশনী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

বাংলা একাডেমির বিরুদ্ধে মামলা করবে শ্রাবণ প্রকাশনী। প্রকাশনা সংস্থাটির সত্ত্বাধিকারী রবিন আহসান সোমবার রাতে ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার প্রেক্ষিতে এই মামলা দায়েরের কথা জানান শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান।

রবিন আহসান ফেইসবুকেও পোস্ট দিয়ে লিখেছেন, “মামলা হবে বাংলা একাডেমির বিরুদ্ধে।
মামলা করবো আমি। দেশের খ্যাতিমান আইনজীবীরা থাকবেন আমার সাথে। বাংলা একডেমির সামনে কোন প্রকাশক শহীদ হবে এ বছর! চালাও গুলি...।”

এদিকে দেশের শীর্ষ বই প্রকাশক সংস্থা ‘শ্রাবণ প্রকাশনী’কে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার প্রতিবাদে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন লেখক, বুদ্ধিজীবী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। আগামীকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় তারা বাংলা একাডেমির সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

ধর্ম নিয়ে আপত্তিকর বই প্রকাশের প্রস্তুতির অভিযোগ এনে বাংলা একাডেমি শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য বইমেলায় নিষিদ্ধ করেছে। তবে শ্রাবণ প্রকাশনীর মালিক রবিন আহসান দাবি করেন, এই অভিযোগ ডাহা মিথ্যা। ধর্ম নিয়ে আপত্তিকর বই বের করার মতো এত বড় ‘অপদার্থ’ নন তিনি।

রবিন বলেন, ‘এই অন্যায়ের প্রতিবাদে আগামীকাল ( মঙ্গলবার) বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমীর সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.