Sylhet Today 24 PRINT

জঙ্গিদের অস্ত্র, গোলাবারুদ ও অর্থের উৎসের তথ্য পাওয়া গেছে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৬

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় সূর্য ভিলা নামে জঙ্গি আস্তানায় অস্ত্র, গোলাবারুদ ও অর্থ কোথা থেকে এসেছে, সে বিষয়ে আত্মসমর্পণকারীরা কিছু তথ্য দিয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মনিরুল ইসলাম বলেন, জঙ্গি মাঈনুল ইসলাম মূসাকে গ্রেপ্তার করা হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সূর্য ভিলা নামে ওই বাসাটি মূলত জঙ্গি মূসাই ভাড়া নিয়েছিল। সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকতো।

তিনি বলেন, আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদে এখানে কারা কারা আসতো তাদের কিছু নাম পাওয়া গেছে। মূলত এ আস্তানাটি অফিস কাম বাসা হিসেবে ব্যবহার হতো। আর মূসা সাংগঠনিক কাজে বিভিন্ন জায়গায় যাতায়াত করতো। মাঝে মধ্যে এ বাসায় আসতো। জিজ্ঞাসাবাদে যাদের নাম পাওয়া গেছে, তাদের বিষয়ে তদন্ত চলছে এবং আত্মসমর্পণকারীদের এখানো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জঙ্গিবাদে নারীদের জড়িত থাকা সম্পর্কে মনিরুল বলেন, নিজেদের ইচ্ছায় নারীরা এ পথে এসেছে- এমন তথ্য আমরা এখনো পাইনি। তবে কেউ কেউ স্বামীর প্ররোচণায় এ পথে এসেছে। এর মধ্যে তারভীর কাদেরের স্ত্রী স্বামীর প্ররোচণায় জঙ্গিবাদে এসেছেন। তাকে এ পথে আসতে স্বামী বাধ্য করেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.