সিলেটটুডে ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দিরে ভাংচুর, বাড়িঘরে হামলা ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শেখ আবদুল আহাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের ঘোষপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর সাংবাদিকদের জানান, গত ৩০ অক্টোবর হিন্দু পল্লীতে হামলা চালানোর ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগে আজ (২৭ ডিসেম্বর) বিকাল চারটার দিকে নাসিরনগর থানা পুলিশ ঘোষপাড়া এলাকায় আবদুল আহাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারের পর পর শেখ আবদুল আহাদকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের এক যুবকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয় যা মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর স্থানীয়রা ওই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে। খবর ছড়িয়ে পড়লে ৩০ অক্টোবর সকাল থেকে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় এবং খেলার মাঠে একাধিক ইসলামি দলের নেতারা জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশ চলাকালে হঠাৎ তিন থেকে ৪শ’ লোক সংঘবদ্ধ হয়ে এ ঘটনার জন্য হিন্দু পরিবারগুলোর ওপর চড়াও হয়। এসময় পুরো উপজেলা সদরের হিন্দু সম্প্রদায়ের শতাধিক পরিবার এবং তাদের মন্দিরের ওপর হামলা চালায় তারা।
পরে রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কাজল দত্ত এবং নির্মল চৌধুরী বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এসব মামলায় অজ্ঞাত ১২শ’ জনকে আসামি করা হয়েছে।