সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের ১৫টি কেন্দ্রে চলছে জেলা পরিষদ নির্বাচনের ভোট প্রদান।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে জেলার ৭টি উপজেলার ১৫টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোট প্রদান করছেন ভোটাররা।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ৯৫৬ জন।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুর রহমান (চশমা), সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন (আনারস), যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ (মোটরসাইকেল), সাংবাদিক বকসি ইকবাল আহমদ (ঘোড়া), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সোহেল আহমদ (তালগাছ), যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুল (প্রজাপতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচন সাধারণ জনগনের ভোটাধিকার নেই কেবল স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন) নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রদান করবেন।