Sylhet Today 24 PRINT

বর্ষবরণের দিনে নারী নিপীড়ন বিষয়ে যা বললেন জাফর ইকবাল (ভিডিও ও টেক্সট)

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০১৫

বর্ষবরণের দিনে টিএসসিসহ সারা দেশে নারীদের ওপর পাশবিক নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছেন বরেণ্য শিক্ষাবিদ ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। ইউটিউবে প্রচারিত এক ভিডিওতে বর্ষ বরণ অনুষ্ঠানে নারীদের উপর যৌন হামলা বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। তিনি তরুণ-তরুণিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিবাদ করার।

কবিগুরুর কবিতার লাইনকে উদ্ধৃত করে তিনি বলেছেন- "যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনি সে ভীতু কুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে"

মুহম্মদ জাফর ইকবালের সে বক্তব্যের বিস্তারিত সিলেটটুডে'র পাঠকদের জন্যে:

বাংলাদেশকে নিয়ে আমার অনেক অহংকার। আমার বাংলাদেশকে আমি জানি, বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে। আমি চাই আমার বাংলাদেশ পুরোপুরি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে। এই বাংলাদেশে যে কোন ধর্মের যে কোন বর্ণের সকল মানুষ যেন সমান অধিকার নিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে।

এই কিছুদিন আগে আমার মনটা খুব খারাপ হলো যখন আমি দেখলাম বর্ষবরণের দিন কিছু তরুণ যারা এসে আমাদের মেয়েদের ওপর তারা এক ধরণের অত্যাচার করেছে, তাদের অবমাননা করেছে, তাদের অসম্মান করেছে- আমি খুবই কষ্ট পেয়েছি। আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত আসলে।

প্রথমত যে তরুণেরা এটা করেছে তারা কিন্তু ভেতর থেকে লুকিয়ে ভীড়ের মধ্যে করেনি, তারা প্রকাশ্যে সবার সামনে করেছে। তাদের এক ধরণের দুঃসাহস আছে। তারা জানে তাদের কিছু হবে না। আমি ঠিক জানি না কেমন করে তাদের এমন সাহস হলো? তাদের পেছনে কে আছে? যদি সত্যি তাদের পেছনে কেউ থেকে থাকে, যে জন্যে তারা সাহস পাচ্ছে তাদের অবশ্যই আমাদেরকে খুঁজে বের করতে হবে যে তোমরা কারা, কার বলে তোমাদের এত শক্তি?

আমাদের সাধারণ তরুণ-তরুণি যারা আছে তাদেরকে সতর্ক হতে হবে। প্রথমত আমাদের যারা তরুণি আছে, মেয়ে আছে, নারী আছে তাদেরকে বলব আপনাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, আমাদের বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এদেশে ছেলে এবং মেয়ে পাশাপাশি কাজ করছে। স্কুলে মেয়েরা ছেলেদের চাইতে বেশি লেখাপড়া করছে।

এই ছেলে এবং মেয়ে পাশাপাশি কাজ করছে বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি মেয়েদেরকে আমাদের পাশে না পাই তাহলে আমরা এগুতে পারব না। কাজেই মেয়েদেরকে সাহসি হতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। যখনই কোন বখাটে কিংবা দুঃশ্চরিত্র মানুষ মেয়েদের গায়ে হাত দিয়ে অপমান করে, অবমাননা করে সে মেয়ে যেন সাথে সাথে প্রতিবাদ করে। এবং আমাদের যারা তরুণেরা আছে তাদের সব সময় চোখকান খোলা রাখতে হবে, আমরা কখনই যেন সহ্য না করি।

আমাদের চোখের সামনে একটা মেয়েকে অবমাননা করবে আমরা যেন না দেখার ভান করে কিংবা ভয়ে সেখানে এগিয়ে যাব না, সাহায্য করতে যাব না- সেটা যেন না হয়। আমাদের যারা তরুণ আছি তারা যেন একজন আরেকজনকে বলতে থাকি- চলো আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি। যে বাংলাদেশে কখনই কোন মেয়ের অবমাননা হবে না।

আমাদের তরুণদেরকে বুঝতে হবে এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কবিগুরু বলেছেন- "যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তাহার, তখনি সে ভীতু কুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে". আমাদের সামনে দাঁড়াতে হবে। তখনই দেখা যাবে আসলেই তারা কুকুরের মতো পালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.