Sylhet Today 24 PRINT

সাতদিনের রিমান্ডে জেএমবির পাঁচ ‘জঙ্গি’

সিলেটটুডে ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০১৬

নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন পাঁচ জঙ্গির প্রত্যেককে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।

বুধবার (২৮ ডিসেম্বর) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রত্যেক জঙ্গির ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। এর প্রেক্ষিতে প্রত্যেককে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম মাহমুদুল হাসান।

সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গতকাল মঙ্গলবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পী ওরফে অপু, কাজী আবদুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান ও মো. মামুন ওরফে হিমেল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন স্বীকার করেছেন, তারা জেএমবির পুরোনো ধারার সক্রিয় সদস্য। জেএমবির রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত জিয়া, হায়দার ও শহীদুল্লাহর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী, ঢাকা শহরে থার্টিফার্স্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করছিল। পাঁচজনের হেফাজত থেকে ৩০ কেজি তরল ও পাউডারজাতীয় বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির বৈদ্যুতিক সরঞ্জাম ও বই উদ্ধার করা হয় বলে মনিরুল ইসলাম জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.