সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়েরকৃত মামলায় বাংলাদেশ বিমানের প্রকৌশলী এস এম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানকে সাত দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মাহবুবুল আলম আসামিদের ১০ দিন রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
বিমানের নয় কর্মকর্তাকে আসামি করে গত ২০ ডিসেম্বর রাতে বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বাদী হয়ে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।
হাঙ্গেরি যাওয়ার পথে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে বিমানটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে।