সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
ফাইল ছবি
জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এসময় সিইসি বিগত পাঁচ বছরে গুটিকয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, বাকি সব নির্বাচনই শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেন। গণতন্ত্রের বিকাশে ভবিষ্যতে নির্বাচনী পরিবেশ আরো ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, 'আমি মনে করি, ভবিষ্যতে আমরা সবাই সচেতন হবো এবং আমরা কেউ কারো মাথায় লাঠি মারবো না। আমরা আমাদের অভিযোগ আইন-আদালতের মাধ্যমে বিচার চাইবো। দুষ্কৃতকারী সবসময় দুষ্কৃতকারী। সে কোন দলের সদস্য হতে পারে না। সব দলই আমাদের বলেছেন যে, দুষ্কৃতকারীরা আমাদের কেউ না।'