সিলেটটুডে ডেস্ক | ২৮ ডিসেম্বর, ২০১৬
বইমেলা থেকে ফেরার পথে মৌলবাদীদের চাপাতির কোপে নিহত ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের স্মৃতিকে অম্লান করে রাখতে অভিজিৎ চত্বরে নির্মিত হতে যাচ্ছে 'মুক্তচিন্তা স্তম্ভ' নামে স্মারক ভাস্কর্য।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় ভাস্কর্যটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দীক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষক, বুদ্ধিজীবীসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি একুশের বইমেলা থেকে বাড়ি ফেরার পথে বইমেলা প্রাঙ্গনের অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে খুনিদের অতর্কিত হামলার শিকার হন প্রগতিশীল লেখক অভিজিৎ রায় এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিজিৎ। গুরুতর আহত হন বন্যা।
তারপর থেকে একের পর এক চলতে থাকে এদেশের লেখক-প্রকাশক থেকে শুরু করে অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তাধারার মানুষকে টার্গেট করে হত্যা। ভিন্নমতের কণ্ঠকে রোধ করার বর্বর এক সময়ের শুরু হয় অভিজিৎ রায়ের নির্মম মৃত্যুর মধ্য দিয়ে।
মুক্তচিন্তা আন্দোলনের প্রধান উপদেষ্টা ড. অজয় রায় ও আহবায়ক ইমরান এইচ সরকার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির নিকটে যে স্থানটিতে আততায়ীর চাপাতির আঘাতে লেখক অভিজিৎ রায়ের কলমকে স্তব্ধ করে দেয়া হয়, সেই অভিজিৎ চত্বরেই তার স্মৃতি এবং মতপ্রকাশের অধিকারের সাক্ষ্য হয়ে থাকবে 'মুক্তচিন্তা স্তম্ভ'। মানুষের স্বাধীনভাবে কথা বলা এবং চিন্তা করার অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে খুনিরা যে অন্ধকার সময়কে ডেকে আনবার চেষ্টা করেছে, সেই অন্ধকারকে দূরীভূত করে মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবনদানের উজ্জ্বল দৃষ্টান্ত এই মুক্তচিন্তা স্তম্ভ থেকে ছড়িয়ে পড়ুক সারাদেশে, অনাগত সময়ে।