Sylhet Today 24 PRINT

থার্টিফার্স্ট নাইটে ঢাকায় হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৬

আগামী ৩১ ডিসেম্বর রাতে (থার্টিফার্স্ট নাইট) ঢাকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ জন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে দেশটি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়।

বিবৃতিতে ব্যাপক জনসমাগমস্থল বা ভিড় এবং যেসব এলাকায় বিদেশি নাগরিকরা বেশি চলাফেরা করেন, সেসব জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে।

এছাড়া মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, ‘নববর্ষ উদযাপনকে সামনে রেখে বাংলাদেশ সরকার ঢাকায় নিরাপত্তা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ছুটির মৌসুমে স্থানীয় নিরাপত্তা উন্নয়নের ব্যাপারে সতর্ক থাকুন।’

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে জঙ্গিবাদী সহিংসতার আশঙ্কা বিদ্যমান। ২০১৬ সালের ১০ জুলাই এর ভ্রমণ-সতর্কতা এখনো কার্যকর এবং সন্ত্রাসী হামলা এখনো হতে পারে।’

প্রসঙ্গত, গত বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করছিল বলে জানায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম জানান, পাঁচজনের হেফাজত থেকে ৩০ কেজি তরল ও পাউডারজাতীয় বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির বৈদ্যুতিক সরঞ্জাম ও বই উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ওই পাঁচজন স্বীকার করেছে, তারা জেএমবির পুরোনো ধারার সক্রিয় সদস্য। তারা জেএমবির রাজশাহী এলাকার দায়িত্বপ্রাপ্ত জিয়া, হায়দার ও শহীদুল্লাহর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী রাজধানীতে থার্টিফার্স্ট নাইটে নাশকতার পরিকল্পনা নিয়ে বিস্ফোরক সংগ্রহ করছিল।

গ্রেপ্তার ওই পাঁচজন হলেন— মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সা‌ঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আবদুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান ও মো. মামুন ওরফে হিমেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.