Sylhet Today 24 PRINT

বাংলাদেশে আশ্রয় নেয়া ২৪১৫ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৬

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে দুই হাজার ৪১৫ জনকে ফেরত নেবে মিয়ানমার।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়াউ জায়ার বরাত দিয়ে শুক্রবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কিয়াউ জায়া বলেছেন, "আমাদের তথ্য অনুযায়ী মাত্র দুই হাজার ৪১৫ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আছে। মিয়ানমার আগামী বছরের মধ্যেই তাদের ফেরত নেবে।"

গত অক্টোবর মাস থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। আর জাতিসংঘ বলছে সংখ্যাটা ৩৪ হাজার। এদিকে, রয়টার্সের ওই প্রতিবেদনেই বলা হয়েছে, বাংলাদেশে তিন লাখ রোহিঙ্গা বাস করছে।

গত অক্টোবর মাসে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সেনা অভিযানের পর থেকেই নতুন করে উদ্বেগ শুরু হয়। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকাতেই অভিযান চালানো হয় বেশি। অভিযোগ ওঠে, এসব এলাকায় হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটায় দেশটির সামরিক বাহিনী। প্রাণ বাঁচাতে নাফ নদ পেরিয়ে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নেন। এখনো অনেক রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.