Sylhet Today 24 PRINT

নতুন পণ্য উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন পণ্যের উদ্ভাবন এবং পণ্যের বিস্তার ঘটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১ জানুয়ারি) সকালে ঢাকার শেরেবাংলা নগরে মাসব্যাপী  ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৭’র উদ্বোধনকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাধ্যমে বিভিন্ন দেশের পণ্য ও মানুষের সঙ্গে ভাব বিনিময় হবে। এতে পণ্যের বহুমুখীকরণের সুযোগ সৃষ্টি হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের নতুন নতুন পণ্যের উদ্ভাবন এবং পণ্যের বিস্তার ঘটাতে হবে।

তিনি আরো বলেন, ‘বাণিজ্যের মধ্য দিয়ে এবং ব্যবসা সম্প্রসারণ ঘটিয়ে একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়, স্বাবলম্বী হয়। আমরা সরকার হিসেবে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি। সব ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিচ্ছি। আপনাদের এই সুযোগ নিয়ে দেশের মানুষের কল্যাণ করতে হবে। দেশের মানুষের উন্নতি করতে হবে।’

‘আজকে যাঁরা শিল্প-কলকারখানা গড়ে তুলবেন, আমরা রপ্তানির উপর গুরুত্ব দিই। পাশাপাশি আবার এটাও ভাবতে হবে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে। অর্থাৎ নিজের দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। আমার দেশের মানুষের যদি আর্থিক সচ্ছলতা আসে, আমার দেশের মানুষের যদি ক্রয়ক্ষমতা বাড়ে তবে মানুষ ভালো থাকবে। শিল্পের প্রসার ঘটবে।’

এক সময় দেশের ব্যবসা-বাণিজ্যের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শূন্য থেকে যাত্রা শুরু করেছে। সেই যাত্রা অব্যাহত রয়েছে। ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিসহ সব ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

মাসব্যাপী এই বাণিজ্য মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.