Sylhet Today 24 PRINT

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে রাজধানীর শেরে বাংলানগরে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। মেলা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে।

রোববার (০১ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এ মেলা শুরু হয়েছে।

এ বছর মেলায় বাংলাদেশসহ অংশ নিচ্ছে ২১টি দেশ। এগুলো হলো—ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মরিশাস, নেপাল, হংকং, জাপান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ভিয়েতনাম ও ভুটান।

মেলায় এবারও সাধারণ, প্রিমিয়ার, সংরক্ষিত, বিদেশি, সাধারণ মিনি, সংরক্ষিত মিনি, প্রিমিয়ার মিনি, বিদেশি মিনি প্যাভিলিয়ন, সাধারণ ও প্রিমিয়ার স্টল, ফুড স্টল, রেস্তোরাঁসহ ১৩ ক্যাটাগরির ৫৮০টি স্টল থাকছে। রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসসংবলিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ ছাড়া রয়েছে একটি ই-শপ, দুটি শিশুপার্ক, তিনটি রক্ত সংগ্রহ কেন্দ্র, একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র এবং মা ও শিশুকেন্দ্র।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ টিকেটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.