সিলেটটুডে ডেস্ক | ০১ জানুয়ারী, ২০১৭
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য সুপারভিশন (তত্ত্বাবধান) পরামর্শক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের চুক্তি স্বাক্ষর হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকালে রেলভবনে দুই সংস্থার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
রেলমন্ত্রী মুজিবুল হক ও সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের উপস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে প্রকল্প পরিচালক সুকুমার ভৌমিক ও সেনাবাহিনীর পক্ষে প্রকল্প ব্যবস্থাপক কর্নেল আবুল কালাম আজাদ এই চুক্তি স্বাক্ষর করেন।
প্রকল্পের আওতায় ঠিকাদারের দাখিল করা নকশা যাচাই ও অনুমোদন, ভূমি অধিগ্রহণ, সাইট ক্লিয়ারেন্স, রিসেটলমেন্ট প্ল্যান ও নির্মাণকাজে সহায়তা এবং তদারকি করবে সেনাবাহিনী। আর এর জন্য খরচ ধরা হয়েছে ৯৪২ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ছয় বছর।
এসময় রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘আমাদের ঐতিহ্যবাহী সেনাবাহিনীকে দিয়ে আমরা পরামর্শকসেবা হিসেবে, পরামর্শকসেবায় তো অনেকগুলি কাজ আছে- জমি অধিগ্রহণ, সহায়তা করা, সাইট ক্লিয়ারিং অনেক কিছু আছে। এই কাজগুলি যদি আমাদের সেনাবাহিনী দিয়ে করানো হয়, তাহলে খুব তাড়াতাড়ি কাজ হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতেই তিনি রাজি হয়ে গেলেন।’
সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী তাদের সাফল্যের ধারাবাহিকতায় আরো বেশি দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রকল্প ভূমি অধিগ্রহণ, রিসেটলমেন্ট প্ল্যান বাস্তবায়ন, নির্মাণকাজের সুপারভিশন সেবা নির্দিষ্ট সময়ের আন্তর্জাতিক মান বজায় রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।’