Sylhet Today 24 PRINT

‘চিন্তা করে দেখলাম, আজকে একটু ভাল কাপড়চোপড় পরে যাই’

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

শৈশবে বছরের প্রথম দিনে নতুন বইয়ের ‘গন্ধ’ না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বই বিতরণ উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে রোববার (১ জানুয়ারী) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আক্ষেপ প্রকাশ করে বলেন, এই রকম নতুন বই আমরা সবসময় পেতাম না। অনেক সময় পুরনো বই দিয়ে ক্লাস করতে হতো। শিক্ষার সুযোগ অনেক বাড়ার কারণে এখনকার শিশুরা অনেক সৌভাগ্যবান।

অনুষ্ঠানে আসা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমিও কালকে রাত থেকে প্রস্তুতি নিচ্ছি। কাল থেকে ভাবছি, এমন একটা আসরে যাব, যে আসরটা আমাদের সময়ে কখনও হতো না। আমি আজকে সকালে ভাবছিলাম, তোমাদের এখানে আসব, এই রকম অনুষ্ঠানটা আমি কখনো দেখিনি জীবনে। কী করব, কী বলব, কি কাপড় পড়ব সবই চিন্তা করেছি। তারপরে একটু চিন্তা করে দেখলাম, আজকে একটু ভাল কাপড়চোপড় পড়ে যাই।

এ সময় তিনি বলেন, আজকের দিনে আমার খুব আনন্দ, তোমাদের হাতে এই বইগুলো যাবে, তোমরা অত্যন্ত খুশি হবে, নতুন বইয়ের গন্ধ শুঁকবে এবং সেখানে মোটা মোট হরফে নাম লিখে দিবে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং তারপর যথাসময়ে যখন তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে, তখন বইটিকে বিসর্জন করে দিবে। সেখানেও আনন্দ আছে।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বই বিতরণ উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে সরকার নানা পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষকদের জীবন-মান বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের ঘাটতি কিছুদিন পর থাকবে না বলে আশা করেন গণশিক্ষামন্ত্রী। বই বিতরণ উৎসবে কয়েক হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.