Sylhet Today 24 PRINT

‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে নির্বাচন বিধিমালার প্রস্তাব মন্ত্রণালয়ে

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৭

‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে সংসদ নির্বাচন বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে যাচাইয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা বেগম জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১)-এর ৩২ নম্বর ক্রমিক থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করে প্রস্তাবিত খসড়া নির্বাচন কমিশনে অনুমোদিত হয়েছে।

রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না করার এবং করা হয়ে থাকলে তা বাতিল করার জন্য সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, ‘দাঁড়িপাল্লা’ ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। ১৩ ডিসেম্বরের এ সংক্রান্ত সিদ্ধান্ত ১৪ ‍ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।

নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্ম সচিব মো. শাহজাহান জানান, ২০১৩ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় দশম সংসদ নির্বাচনে প্রতীকটি ব্যবহার করা হয়নি। তা ছাড়া সিটি করপোরেশন নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হলেও তাতে প্রতীক তালিকায় ‘দাঁড়িপাল্লা’ রাখা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.