Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির সঙ্গে আ.লীগের সংলাপ ১১ জানুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য চতুর্থ ধাপে রাষ্ট্রপতি আবদুল হামিদ ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৫টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি জানান, আওয়ামী লীগ ও অপর ৫টি রাজনৈতিক দলের অফিসের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি আগামী ৮ জানুয়ারি গণতন্ত্রী পার্টি ও গণফোরাম, ৯ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল ও ইসলামী আন্দোলন এবং ১১ জানুয়ারি আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবেন।

আগামী মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি গত ১৮ ডিসেম্বর প্রথম বিএনপির সঙ্গে আলোচনা করেন। এ নিয়ে নিবন্ধিত ২২টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য ডাকলেন রাষ্ট্রপতি।

আগামীকাল তরিকত ফেডারেশন এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে। এছাড়া ৪ জানুয়ারি বাংলাদেশের সাম্যবাদী দল, ৫ জানুয়ারি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং ৭ জানুয়ারি বিকল্প ধারা বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসবি) সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.