Sylhet Today 24 PRINT

জগন্নাথ হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে অপু সরকার (২০) নামের ওই ছাত্রের নিথর দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হলের অক্টোবর স্মৃতি ভবনের ৪৭৪ নম্বর কক্ষে থাকতেন অপু। তিনি অ্যাকাউন্টিং ২২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের ধামরাইয়ে।

অপুকে হাসপাতালে নিয়ে যান রতন কীর্তনিয়া নামের এক শিক্ষার্থী। অপুর রুমমেট রতন জানান, অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে অপুসহ কক্ষের বাসিন্দারা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে না ওঠায় সকাল আটটার দিকে অপুকে ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপুর লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.