Sylhet Today 24 PRINT

২০১৬ সালে ৪৩১২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৬০৫৫

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

২০১৬ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে মোট ৪ হাজার ৩১২টি। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫৫ জন। আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত 'বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন ২০১৬' প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পর্যবেক্ষণ মতে ২০১৬ সালে সারাদেশে ৪৩১২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৫৫ জন। আর আহত হয়েছেন ১৫ হাজার ৯১৪ জন। আহতদের মধ্যে হাত-পা বা অন্য অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গু হয়েছে ৯২৩ জন।

তিনি বলেন, গত বছর এক হাজার ৬৩টি বাস, এক হাজার ১৮৭টি ট্রাক ও কাভার্ডভ্যান, ৫৯৭টি হিউম্যান হলার, ৬৪৯টি কার জিপ মাইক্রোবাস, ৯৭৩টি অটোরিকশা, এক হাজার ৪৪৯টি মোটরসাইকেল, এক হাজার ১৯০টি ব্যাটারি চালিত রিকশা ও ৮৬৩টি নছিমন করিমন দুর্ঘটনার কবলে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক যোগাযোগ সচিব মাহবুবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.