Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : আত্মসমর্পণকারী ২ আসামি ফের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণকারী দুই আসামিকে ফের সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরিজম ইউনিটের পরিদর্শক মাহবুব আলম দুই আসামিকে হাজির করে আবারো ১০ দিন রিমান্ডের জন্য আবেদন করেন। আবেদনের পরিপেক্ষিতে তাঁদের আইনজীবী রিমান্ডের আবেদন খারিজ চেয়ে জামিনের আবেদন করেন।

আসামিরা হলেন- ছিদ্দিকুর রহমান ও রোকনুজ্জামান। এর আগে তাদের গত ২৭ ডিসেম্বর সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত। আজ সে রিমান্ড শেষ হলে তাঁদের আদালতে হাজির করে নতুন করে রিমান্ড চাওয়া হয়।

গত ২২ ডিসেম্বর আসামিরা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। এদিকে, এ মামলায় আরো সাত আসামি দ্বিতীয় দফায় রিমান্ডে রয়েছেন।

গত বছরের ২০ ডিসেম্বর রাতে বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলীসহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়।

আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রডাকশান) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসুরেন্স) এসএ সিদ্দিক, প্রধান প্রকৌশলী (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফুর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস, জাকির হোসাইন ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান
সহ নয়জন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টের উদ্দেশে যায় বিমান।

ওই বিমানের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে হওয়ার পেছনে নাশকতা ছিল কি-না, তা খতিয়ে দেখতে ২৮ নভেম্বর পাঁচ সদস্যের কমিটি করে বিমান মন্ত্রণালয়। ঘটনা তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আরো দুটি তদন্ত কমিটি গঠন করে।

এই দুই কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে। এরই মধ্যে মামলার আসামিদের বরখাস্ত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.