Sylhet Today 24 PRINT

নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ‘হোতা’ আলীগ নেতা আঁখি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে অন্যতম সন্দেহভাজন আসামি আওয়ামী লীগ মনোনীত হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমান আঁখিকে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও স্থানীয় পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, আতিকুর রহমান আঁখিকে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা জানা যাবে।

এর আগে গত ২ জানুয়ারি (সোমবার) আঁখির ব্যক্তিগত সহকারী উত্তম কুমার দাস (২৫) ও হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন দেবনাথকে (৪০) আটক করে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেইসবুক থেকে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের বেশ কয়েকটি হিন্দুপাড়ায় হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির ভাঙচুরসহ শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়। এ ঘটনায় মোট ৮টি মামলায় ১০৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.