সিলেটটুডে ডেস্ক | ২৩ এপ্রিল, ২০১৫
বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইউপিডিএফকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় সশস্ত্র অবস্থায় ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায় নি।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালঙের নন্দারামমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একাধিক সূত্র জানায়, দুপুরে বাঘাইহাট জোনের একটি টহল দলের ওপর অতর্কিত হামলায় চালায় ইউপিডিএফ’র একটি সশস্ত্র গ্রুপ। এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি করলে সশস্ত্র গ্রুপটি কোনঠাসা হয়ে পড়ে। এতে একজন নিহত হয় এবং অন্তত তিনজনকে সশস্ত্র অবস্থায় আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর দায়িত্বশীল পর্যায় থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া না গেলেও বন্ধুকযুদ্ধ ও নিহতের বিষয়টি রাঙামাটি জেলা পুলিশ নিশ্চিত করেছে।
এ ব্যাপারে রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, ‘সাজেক এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের বন্দুকযুদ্ধে একজন নিহত হওয়ার তথ্য জেনেছি, ঘটনাস্থলের দিকে পুলিশ রওনা দিয়েছে।’
এদিকে, ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বন্দুকযুদ্ধের কথা অস্বীকার করে বলেন, ‘এই রকম কোনো ঘটনার খবর আমাদের জানা নেই। আর আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, আমাদের কোনো সশস্ত্রকর্মী নেই, বন্দুকযুদ্ধেরতো প্রশ্নই আসে না।’
সূত্রঃ বাংলামেইল২৪ডটকম