Sylhet Today 24 PRINT

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জানুয়ারী, ২০১৭

গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির (৩০) নামের একজন নিহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে তার সহযোগী আনোয়ারকে (২৮)। পুলিশ বলছে মনিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ১৫/১৬টি মামলা রয়েছে।

রোববার রাত আড়াইটায় নগরীর নলজানি এলাকার টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

নিহত মনির বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের টিনসেড কলোনিতে থাকতেন। তার বাবা সিরাজ উদ্দিন কৃষি গবেষণা ইন্সটিটিউটের শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় ডিবির ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, মনির তার ৪-৫ সহযোগীকে নিয়ে টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগান এলাকায় অবস্থান করে অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি পেয়ে মনির ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় ও আনোয়ারকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ও এসআই সাকলাইন আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক‍্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমির হোসেন আরো জানান, মনিরের বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র ‌এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.