Sylhet Today 24 PRINT

পাঠ্যবইয়ে পরিবর্তন : সরকারের প্রশংসায় হেফাজত আমির

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

দাবি মেনে স্কুলের পাঠ্যবইয়ে পরিবর্তন আনাকে ‘প্রশংসনীয় ও ইতিবাচক’ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাঠ্যবই থেকে ‘নাস্তিক্যবাদ ও হিন্দু তত্ত্বের বিষয়বস্তু’ বাদ দেওয়ার সরকারের উদ্যোগে ইসলামবিদ্বেষী গোষ্ঠীর গায়ে জ্বালা ধরেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির আমির শাহ আহমদ শফী।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আহমদ শফী বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও প্রতিবাদের ফলে সরকারের নীতি নির্ধারকরা বিষয়টির গুরুত্ব ও নাজুকতা বুঝতে পেরে পেরে সিলেবাসে কিছু ইতিবাচক পরিবর্তন এনেছেন।

“কিন্তু পাঠ্যপুস্তকে হেফাজতের দাবি শতভাগ পূরণ হয়েছে বলে যারা বিতর্ক তুলে ইসলামি ভাবধারার গল্প-কবিতার প্রতি আঙুল তুলেছেন তারা ইমানি চেতনাবোধ মুছে বাংলাদেশে ইসলামবিদ্বেষ ও নাস্তিকতা ছড়িয়ে দেওয়ার এজেন্ডা নিয়ে কাজ করছেন।”

হেফাজত আমীরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের ৮ই এপ্রিল হেফাজতে ইসলাম স্কুল পাঠ্যবইয়ের মাধ্যমে দেশের স্কুল-কলেজগুলোতে মুসলমানদের সন্তানদের নাস্তিক্যবাদ ও হিন্দু তত্ত্বের বিষয়ে পড়ানোর অভিযোগ তোলে।

“২০১২ সাল পর্যন্ত চলে আসা সিলেবাস পাল্টে ২০১৩ সাল থেকে স্কুল পাঠ্যবইয়ে এমন ১৭টি রচনা বাদ দেওয়া হয়েছে, যেগুলো নৈতিকতা ও আদর্শিকভাবে স্বীকৃত হয়ে আসছে কয়েক যুগ ধরে। তার পরিবর্তে এমন ১২টি নতুন রচনা সংযোজন করা হয়েছে, যেগুলো তাত্ত্বিকভাবে সরাসরি হিন্দুত্ব ও নাস্তিক্যবাদী ধ্যান-ধারণার সঙ্গে যুক্ত।”

হেফজতের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, পাঠ্যবইয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ইসলামবিদ্বেষী এই চক্রের বক্তব্য গ্রহণের সুযোগ নেই। এদের কঠোরভাবে প্রতিহত করা হবে।

স্কুল পাঠ্যপুস্তকের পরিবর্তন নিয়ে যারা বিতর্ক তুলতে চাইছে তাদের ‘ক্ষুদ্র অংশ’ আখ্যা দিয়ে আহমদ শফী বলেন, “তাদের কাজই হচ্ছে নৈতিক আদর্শ ও ইসলামি চেতনাবোধের বিপক্ষে এবং নাস্তিক্যবাদ ও স্বেচ্ছাচারিতার পক্ষে কথা বলা।

“তারা ‘ও’ দিয়ে ‘ওড়না’ লেখায় সাম্প্রাদয়িকতা ও অসামঞ্জস্য খুঁজে পায়, কিন্তু ‘র’ দিয়ে ‘রথ টানি’, ‘ত’ দিয়ে ‘তবলা বাজাই’, ‘ঢ’ দিয়ে ‘ঢাক বাজাই’, ‘ঋ’ দিয়ে ‘ঋষি’র মধ্যে সাম্প্রদায়িকতা ও অসামঞ্জস্য খুঁজে পায় না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.