Sylhet Today 24 PRINT

৮ দিনের রিমান্ডে রাজীব গান্ধী

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৭

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে ‘রাজীব গান্ধী’র আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।

তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, এই হামলায় তার জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে তথ্য আদায়ে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানি শেষে আদালত আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত নব্য জেএমবির নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তিনি নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডারের দায়িত্ব পালন করতেন।

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে শুক্রবার রাতে টাঙ্গাইল অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে গুলশান হামলায় দুই জন এবং শোলাকিয়া হামলায় একজনকে সমন্বয় করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে মনিরুল ইসলাম জানান, গুলশান ও শোলাকিয়া হামলা ছাড়াও আরো ২২টি হত্যা ও হত্যা চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা রাজীব গান্ধী স্বীকার করেছেন। তার বাড়ি গাইবান্ধা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.