Sylhet Today 24 PRINT

জিয়া কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক ওরফে জিয়া কঠোর নজরদারিতে রয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গোয়েন্দারা জিয়ার গতিবিধি অনুসরণ করছেন। যে কোনও সময় তাকে নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে সক্ষম হবেন তারা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, জিয়ার অনুসারীদের প্রায় সবাইকে ধরা হয়েছে।

গত তিন বছর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধান সফলতা সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী কোনও অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য কোনোদিন তাকে বলেননি। অপরাধীদের বিরুদ্ধে তিনি সব সময় আপসহীন।

মন্ত্রণালয় পরিচালনায় চ্যালেঞ্জ হিসেবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, চ্যালেঞ্জ অনেক। আকস্মিক নানান ষড়যন্ত্র হয়ে থাকে। বিভিন্ন মহল বাংলাদেশের বিরুদ্ধে নানানভাবে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র নতুন নয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।  জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিসহ অন্য সন্ত্রাসীরা প্রতিদিন অপরাধের কৌশল পাল্টাচ্ছে। ফলে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিজেদের প্রশিক্ষিত করে শক্ত হাতে অপরাধ দমনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দাদের উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশ পাঠানো হচ্ছে। বিদেশি গোয়েন্দাদের কাছ থেকে নেওয়া হচ্ছে সহযোগিতা।

ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলমের নেতৃত্বে সহসভাপতি সাব্বির মাহমুদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বিকু, কোষাধ্যক্ষ আজিজুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ রানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.