Sylhet Today 24 PRINT

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণার রায় বহাল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর করা আপিল খারিজ করে দিয়েছেনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৮ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার (১৮ জানুয়ারি) এ আদেশ দেন। আদালতে কাদের সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ আদেশের ফলে টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশনের দেওয়া কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রইল।

এ রায়ের ফলে কালিহাতিতে নির্বাচন আয়োজনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

গত বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। এ আদেশের বিরুদ্ধে চেম্বার কোর্ট ওই বছরের ৭ ফেব্রুয়ারি  হাইকোর্টের আদেশ স্থগিত না করে আপিল বিভাগে পাঠিয়ে দেন।

নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. ইয়াসিন খান। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

২০১৫ সালের ১৩ অক্টোবর ঋণখেলাপি হওয়ার অভিযোগে নির্বাচন কমিশন টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে।

কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের কারণ হিসেবে নির্বাচন কমিশন জানিয়েছে, সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ঋণখেলাপি হওয়ায় তাঁদের মনোনয়ন বাতিল করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.