Sylhet Today 24 PRINT

দলে কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০১৭

বিএনপির রাজনৈতিক ‘দৈন্যদশার’ প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন মরা গাঙ। বাংলাদেশের নালিশী পার্টি। বিএনপির এক নেতা আরেক নেতাকে সন্দেহ করে বলে সরকারের দালাল। এটি হাস্যকর।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘ক্ষমতায় থেকে খাই-খাই ভাব কমাতে হবে। মৌসুমী পাখিরা সংশোধন হউন। নতুবা আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’

তিনি আরো বলেন, ‘গুটি কয়েক নেতার অপকর্মের দায়ভার শেখ হাসিনা নিতে পারে না। জনপ্রতিনিধিরা জমিদারসুলভ আচরণ করলে আগামীতে মনোনয়ন পাবে না।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, খালেদ মাহমুদ চৌধুরী, পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় নেতা মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ডা. এম আমানউল্লাহ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, মোসলেম উদ্দিন এমপি, আনোয়ারুল আবেদিন তুহিন এমপি, শরীফ আহম্মেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, জুয়েল আরেং এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি ও মাহবুবুল হক শাকিলের পিতা এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

সেতুমন্ত্রী বলেন, শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের মানুষ ছিলেন। তিনি কষ্ট পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাকিলের বাবা-মা’র চেয়েও কম কষ্ট পাননি।

জেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দল গোছান। দলে কর্মী কমে যাচ্ছে, নেতা বেড়ে যাচ্ছে। বাংলাদেশের আওয়ামী লীগ এখন নেতা উৎপাদনের কারখানা, কর্মী উৎপাদনের কারখানা চাই।

স্মরণসভায় পাট ও বস্ত্র মন্ত্রী মির্জা আজম এমপি মাহবুবুল হক শাকিলের নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস মোড়ের নামকরণ করার দাবি জানালে ওবায়দুল কাদের বলেন, জেলা সমন্বয় কমিটি থেকে প্রস্তাব গেলে চত্ত্বরটির নামকরণ করা যেতে পারে। শুধু সময়ের ব্যাপার। এরআগে বাদ জুম্মা শহরের বাঘমারাস্থ শাহবুবুল হক শাকিলের বাসায় কুলখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.