সিলেটটুডে ডেস্ক | ২১ জানুয়ারী, ২০১৭
আরও নতুন পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে সরকার। নতুন চ্যানেল প্রাপকদের তালিকায় রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও সদ্য প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের ছেলে দ্বিতীয় সৈয়দ হক।
দ্বিতীয় সৈয়দ হকের চ্যানেলর নাম আমার টিভি এবং মেমনের টিভি চ্যানেলের নাম খেলা টিভি।
নতুন এই অনুমতির পর দেশে অনুমতিপ্রাপ্ত চ্যানেলের সংখ্যা দাঁড়াল ৪৩। এর মধ্যে ২৬টি চালু আছে। তবে আরও দু-তিনটি চ্যানেল অনুমোদন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।
গত কয়েক দিনের মধ্যে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভিকেও অনুমোদন দেওয়া হয়েছে।
বাকি দুটি চ্যানেলের অনুমোদন দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি করা হয়নি। এই দুটির মালিকই দুজন সাংবাদিক।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সরকার এগুলোর অনুমোদন দেওয়া যৌক্তিক মনে করেছে।’
আওয়ামী লীগ সরকারের সময়ে মোট ৩৩টি চ্যানেলের অনুমোদন দেওয়া হলো। এর আগে ২০০৫ ও ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ১০টি টিভি চ্যানেলের লাইসেন্স দেয়।