Sylhet Today 24 PRINT

দ্রুততম সময়ে ওয়েবসাইটে নাগরিক প্রশ্নের উত্তর সাংসদের

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৭

শিক্ষাখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান বলে নাগরিক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের সাতক্ষিরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলেন এ সাংসদ।

জনগণ ও জনপ্রতিনিধিকে কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য নিয়ে শুরু করা ‘আমার এমপি ডটকম’-এ নাগরিক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

আমিনুর রহমান নামের একজন প্রশ্নকর্তা সাংসদ জগলুল হায়দারের কাছে ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয়ের আধুনিক গেট নির্মাণ ও আধুনিক বিজ্ঞানাগার নির্মাণের পরিকল্পনা আছে কিনা-এর উত্তর জানতে চাইলে এ সাংসদ প্রশ্নকর্তা ও আমার এমপি ডটকমকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমি শিক্ষা খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই সবসময়। ভুরুলিয়া নাগবাটি স্কুলের গেইট ও আধুনিক বিজ্ঞানাগার নির্মাণের জন্য এই অর্থ বছরেই বরাদ্দ প্রদান করা হবে।"

সাংসদ জগলুল হায়দার আরও বলেন, আমি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দূর্বার যাত্রায় আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছি। অবশিষ্ট সময়েও আমার দৃঢ় প্রচেষ্টা থাকবে অবহেলিত এই জনপদকে আধুনিকতার ছোঁয়া দিতে।

উল্লেখ্য, জাতীয় সংসদ সদস্যদের ডিজিটাল উপায়ে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্যোগের অংশ হিসেবে আমার এমপি ডটকম যাত্রা শুরু করে। ইতোমধ্যেই এ ওয়েবসাইটে সকল সংসদ সদস্যের ব্যক্তিগত, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাদি সন্নিবেশিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.