সিলেটটুডে ডেস্ক | ২৫ এপ্রিল, ২০১৫
শনিবার দুপুরে সাম্প্রতিককালের ভয়াবহতম ভূমিকম্পে নেপালে প্রায় দেড় হাজারের বেশি মানুষের নিহত হবার খবরে গভীর দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। চরম এই সংকটের মুহূর্তে বন্ধু রাষ্ট্রটির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিকম্প বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে অংশগ্রহণসহ চিকিৎসা ও মানবিক সহায়তা দেবে বাংলাদেশ।
শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
সংবাদ মাধ্যমকে শাকিল বলেন, “তাদের এই মানবিক বিপর্যয় মোকাবিলায় প্রতিবেশী বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । চিকিৎসা সহায়তা, মানবিক সহায়তা এবং উদ্ধার তৎপরতায় বাংলাদেশ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে বাংলাদেশ সরকার নেপালের সরকারের সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে যোগাযোগ করছে বলে জানিয়েছেন মাহবুবুল হক শাকিল।
এদিকে নেপালকে সাহায্য করতে বাংলাদেশের পক্ষ থেকে একটি দল গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।