Sylhet Today 24 PRINT

আরাফাত সানি এক দিনের রিমান্ডে

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৭

জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় আরাফাত সানিকে রোববার (২২ জানুয়ারি) সকালে গ্রেপ্তার করে পুলিশ। এক নারী আরাফাত সানির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন।

রোববার বেলা তিনটার পর ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলায় পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম আদালতকে বলেন, আসামি আরাফাত সানির সঙ্গে ওই নারীর বিয়ে হয়েছিল। গত বছরের ১২ জুন আরাফাত সানি বাদীর ফেসবুক মেসেঞ্জারে দুজনের একান্ত ব্যক্তিগত ছবি এবং বাদীর একক আপত্তিকর ছবি পাঠান। পরে নানা ধরনের হুমকি–ধামকি দেন। গত বছরের ২৫ নভেম্বর ভোররাত চারটার দিকে আরাফাত আবার ফেসবুক মেসেঞ্জারে ওই নারীকে আপত্তিকর ছবি পাঠান। তিনি আরও ভয়াবহ অবস্থার জন্য ওই নারীকে অপেক্ষা করতে বলে হুমকি দেন।

আসামিপক্ষের আইনজীবী এম জুয়েল আহমেদ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। এই আসামির সঙ্গে বাদীর বিয়ে হওয়ার তথ্য–প্রমাণ নেই। এ সময় বাদীপক্ষের আইনজীবী বিয়ের একটি কাবিননামা আদালতে দেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমে আপত্তিকর ছবি দেওয়ার অভিযোগে ওই নারী আরাফাতের বিরুদ্ধে মামলাটি করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, ৫ জানুয়ারি মামলাটি করেন ওই নারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.