Sylhet Today 24 PRINT

এমপি লিটন হত্যা: স্থানীয় ইউপি সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৭

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে রেজাউল ইসলাম লিটন (৩৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তাকে সোমবার ভোরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে এমপি লিটন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। থানা হাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে গাইবান্ধা আদালতে পাঠানো হবে।”

গ্রেপ্তার রেজাউল ইসলাম লিটন রামভদ্র (কদমতলা) গ্রামের আবুল হাশেমের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)। এছাড়া তিনি এলাকাতে ক্যাবল (ডিস) ব্যবসা করেন।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জের শাহবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিতে আহত হন ক্ষমতাসীন দলের সংসদ সদস মঞ্জুরুল ইসলাম লিটন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এর দেড় ঘণ্টা পরে তিনি মারা যান।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে ১ ডিসেম্বর অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে রেজাউলসহ ২৪ জনকে গ্রেপ্তার দেখানো হল। তাদের মধ্যে ১২ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.