Sylhet Today 24 PRINT

হরতালে চড়াও পুলিশ, লাকী আক্তারসহ আহত ৭

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৭

আহত ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারকে হাসপাতালে নেওয়া হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে আধাবেলা হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তারসহ সাতজন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ওই সাতজন আহত হন।

ছাত্র ইউনিয়নের সহসভাপতি ফারজানা আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি নিজেও এসময় আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ফারজানা জানান, পুলিশের অতর্কিত হামলায় লাকী আক্তার ছাড়াও লাবণী মণ্ডল, উম্মে হাবিবা বেনজীর, রায়হান, নাসির, কাঁকনসহ সাতজন আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে সাতজন সামান্য আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এঁদের কাউকে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, রামপাল প্রকল্প বাতিলের দাবিতে পূর্বঘোষিত হরতালে পিকেটিং এর জন্য আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নেন। হরতাল চলাকালে পুলিশ তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় তাঁরাসহ অনেকেই আহত হন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হরতাল সমর্থক জাতীয় কমিটির নেতাকর্মীরা শাহবাগে মিছিল বের করেন। এ সময় তাঁরা শাহবাগ এলাকায় জড়ো হয়ে যান চলাচলে বাধা দেন। মিছিলটি শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে তাঁদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.