Sylhet Today 24 PRINT

বাবার হত্যাকারীদের বিচার চাই: কিবরিয়ার মেয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তার মেয়ে ড. নাজনীন কিবরিয়া ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা।

শুক্রবার সকালে বনানী কবরস্থানে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাবেক এ নেতার মেয়ে বোস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাজনীন কিবরিয়া তার বাবার হত্যাকারীদের শাস্তির দাবি করে সাংবাদিকদের বলেন, ‘যারা আমার বাবাকে হত্যা করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘চার্জশিটে যাদের নাম আছে, তাদের সবাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। যারা হত্যার পরিকল্পনা করেছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। শাস্তি হোক, এটাই আমরা চাই।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা প্রথমে শাহ এ এম এস কিবরিয়ার কবরে ফুল দিয়ে প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.