Sylhet Today 24 PRINT

কিবরিয়া হত্যার দ্রুত বিচার চাইলেন তারানা হালিম

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৭

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমি মিলনায়তনে শাহ এএসএম কিবরিয়ার স্ত্রী প্রয়াত আসমা কিবরিয়ার লেখা ‘শুধুই স্মৃতি নয়’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ বিচার চান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তারানা হালিম বলেন, শাহ এএসএম কিবরিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তিনি (আসমা কিবরিয়া) যে আন্দোলনে নেমেছিলেন, সেটা করতে গিয়ে তিনি কারও বিরুদ্ধে নিন্দা ও বিদ্বেষ প্রকাশ করেননি। তিনি শান্তিপূর্ণভাবে রাস্তায় দঁড়িয়েছেন, স্বামী হত্যার বিচার চেয়েছেন। এটা আমাদের দেশে শান্তিপূর্ণ আন্দোলনের বড় দৃষ্টান্ত।

এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আসমা কিবরিয়ার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের (শান্তির সপক্ষে নীলিমা) প্রসঙ্গেও কথা বলেন সম্পর্কে তাঁর বোনের মেয়ে তারানা হালিম।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দেশের বাইরে থাকায় লিখিত বক্তব্য পাঠান। লিখিত বক্তব্যে তোফায়েল আহমেদ প্রয়াত শাহ এএসএম কিবরিয়া ও আসমা কিবরিয়ার স্মৃতিচারণ করেন।

ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- লেখক মোনায়েম সরকার, শ্যামলী নাসরিন চৌধুরী, শাহ এএসএম কিবরিয়ার বোন শরিফা মুছাব্বির, কিবরিয়ার মেয়ে নাজলি কিবরিয়া প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বদ্দিবাজারে সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শাহ এএসএম কিবরিয়াকে গ্রেনেড মেরে হত্যা করা হয়। এক যুগ পেরিয়ে গেলেও এখনো এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.