Sylhet Today 24 PRINT

সেই ভ্যান স্থান পাচ্ছে জাদুঘরে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যানে ঘোরানো চালক মো. ইমাম শেখের চাকরি হচ্ছে বিমানবাহিনীতে, একই সঙ্গে যে ভ্যানে প্রধানমন্ত্রী ঘুরেছিলেন সে ভ্যানের স্থান হচ্ছে জাদুঘরে। এ জন্য ভ্যানটি উপযুক্ত দাম দিয়ে কিনে নিয়েছে বিমানবাহিনী।

রোববার ইমাম শেখের চাকুরির তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

রোববার সকাল ১১টার দিকে বিমান বাহিনীর যশোর ক্যান্টনমেন্টের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন লিডার হারুন-উর-রশিদ টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে ইমাম শেখের বাড়িতে গিয়ে ইমাম শেখের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এরপর তিনি  ইমাম শেখের অসুস্থ পিতার চিকিৎসা ও ঘরবাড়ি মেরামতের জন্য বিমান বাহিনীর পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেন ইমামের মা শাহানূর বেগমের হাতে। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন এ্যাসিট্যান্ট লিডার দেলোয়ার হোসাইনসহ বিমান বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী রিকশা ভ্যানে চেপে শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় নিজ এলাকা ঘুরে দেখেন। হাস্যোজ্জ্বল শেখ হাসিনা কোলে নাতিকে নিয়ে বসেন ভ‌্যানের সামনের দিকে; অন‌্য পাশে ভাগ্নে ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। পেছন দিকে বসেন রাদওয়ানের মেয়ে ও স্ত্রী পেপি সিদ্দিক।

প্রধানমন্ত্রী যে ভ্যানে চেপে পৈত্রিক এলাকা ঘুরে দেখেন তার চালক ইমাম শেখ। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী সরদার পাড়া গ্রামে। ১৭ বছর বয়সী ইমাম ভ্যান চালান দুই বছর ধরে।
 
পঞ্চম শ্রেণিতে আটকে যায় ইমামের পড়াশোনা। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। তার বাবা আব্দুল লতিফ শেখ মানসিক রোগী, মা গৃহিণী। ইমাম শেখরা দুই ভাই, তিন বোন।
 
ইমামের বড় ভাই সাদ্দাম শেখ ঢাকায় সম্প্রতি চাকরি পেয়েছেন। বোন রেক্সনা ও সোহাগী আক্তারের বিয়ে হয়ে গেছে। ছোট বোন নাদিরা বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
 
শনিবার ইমাম শেখ সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রীকে বারবার একটি চাকরি দেয়ার কথা বলতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী আমার ভ্যানে চড়ে ঘুরবেন- এমনটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এ আনন্দে শেষ পর্যন্ত আর মনের কথা বলতে পারিনি।'

বিমান বাহিনীর যশোর  ক্যান্টনমেন্টের  বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির স্কোয়ার্ডন লিডার হারুন-উর-রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইমামকে বিমান বাহিনীতে চাকরি দেওয়া হয়েছে। ইতোমধ্যে তার নিয়োগপত্র হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী ভ্যান আমরা যশোর নিয়ে যাচ্ছি। পরে এ ভ্যান জাদুঘরে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.