Sylhet Today 24 PRINT

৭ হাজার ৯০০ টাকা বেতনে কাজ শুরু করেছেন সেই ভ্যানচালক

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৭

প্রধানমন্ত্রীকে ভ্যানে চড়ানো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই ভ্যানচালক ইমাম শেখ বাংলাদেশ বিমানবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে যশোর ঘাঁটির ফ্যালকন বেকারিতে সরবরাহকারী হিসেবে যোগ দিয়েছেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরদাপাড়ার গ্রামের আবদুল লতিফ শেখের ছেলে ইমাম শেখ মাসিক ৭ হাজার ৯৮৪ টাকা বেতনের এই চাকরিতে যোগদান করেছেন। গত ২৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় নাতি-নাতনি ও পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী ইমাম শেখের ভ্যানে চড়েন। পরে টুঙ্গিপাড়া থেকে বিমানবাহিনীর কর্মকর্তারা ২৯ জানুয়ারি তাকে যশোর নিয়ে যান।

চাকরিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে ইমাম শেখ সাংবাদিকদের জানান, চাকরি পেয়ে আমি খুবই আনন্দিত ও খুশি হয়েছি। চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

বিমানবাহিনীর যশোর ঘাঁটির বেকারির ইনচার্জ ওয়ারেন্ট অফিসার আবদুল হাই সাংবাদিকদের বলেন, অস্থায়ী ভিত্তিতে ফ্যালকন বেকারিতে উৎপাদিত পণ্য ঘাঁটি ও শাহিন কলেজের ২৫-৩০টি দোকানে সরবরাহ করার চাকরি দেয়া হয়েছে ইমামকে।
বিমানবাহিনীতে সার্কুলার ছাড়া স্থায়ী চাকরি হয় না জানিয়ে তিনি বলেন আগামীতে সার্কুলার হলে ইমামের চাকরি স্থায়ী করার উদ্যোগ নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.