Sylhet Today 24 PRINT

‘সরকার উৎখাতের পরিকল্পনাকারী’ যুদ্ধাপরাধী পরিবারের সদস্যসহ ২৮ নারী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৭

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর কর্মী সন্দেহে ২৮ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে অনেকে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর থানার তাজমহল রোডের ১১/৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে ওই নারীদের গ্রেপ্তার করা হয়। বাড়িটির মালিক শাহনাজ বেগম।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া নারীরা নাশকতার মাধ্যমে সরকার উৎখাতের পরিকল্পনা করছিল।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারীদের বিষয়ে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আড়াইটার দিকে তাজমহল রোডে ওই বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করে।

তিনি জানান, পুলিশ গ্রেপ্তারের উদ্দেশ্যে ওই ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে। তখন ভেতর থেকে কেউই দরজা খুলে দিচ্ছিলেন না। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে দরজা খুলে দেওয়া হয়। এর পর ওই ফ্ল্যাট থেকে ২৮ নারীকে গ্রেপ্তার করা হয়।

ডিসি জানান, গ্রেপ্তার হওয়া নারীদের সবাই উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে কেউ কেউ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, ডাক্তারসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে অনেক নারী দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী পরিবারের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা গেছে। জিজ্ঞাসাবাদে তাঁরা অনেকেই তাঁদের প্রকৃত পরিচয় দিচ্ছেন না। তাঁদের আদালতে নেওয়া হচ্ছে। সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। গ্রেপ্তারের সময় নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের বই, লিফলেট ও নাশকতার পরিকল্পনার নথিপত্র উদ্ধার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.