Sylhet Today 24 PRINT

সাংবাদিক শিমুল হত্যায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৭

সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, হত্যাকাণ্ডে যত বড় শক্তিশালী কিংবা প্রভাবশালী জড়িত থাকুক না কেন; অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। সরকার সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। হত্যাকারীকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

শনিবার রাজধানীর মহাখালীতে আইপিএইচ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক হত্যায় শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর জড়িত থাকার প্রমাণ মিললে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন। তিনি যত বড় প্রভাবশালী হন না কেন; তাকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে।

বৃহষ্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুর স্থানীয় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মীরুর ব্যক্তিগত শর্টগানের গুলিতে আহত হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান।

এদিকে শিমুল মারা যাওয়ার পর পুলিশের সহায়তায় মেয়র মীরু পালিয়েছেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক শিল্প উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও মুক্তিযোদ্ধা এ কে এম জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তৃতা করেন বনানী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, জমিয়াতুল মুদাররেছিনের মহাসসচিব মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.