Sylhet Today 24 PRINT

সুরঞ্জিতের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৭

বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেছেন, “সুরঞ্জিত সেনগুপ্ত শুধু একজন রাজনীতিকই ছিলেন না, বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি অসামান্য অবদান রেখেছিলেন।

সংসদীয় রাজনীতিতে তার দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। ”

ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই সংসদ সদস্যের মৃত্যু হয়। সত্তরোর্ধ্ব এই রাজনীতিবিদ হিমোগ্লোবিনের স্বল্পতাজনিত অসুস্থতায় ভুগছিলেন।

সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাতবার।

রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, “বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেন গুপ্তের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ রাজনীতিবিদকে হারালো; এই ক্ষতি অপূরণীয়। ”

তিনি সুরঞ্জিতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস‌্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হবার নয় ।"

শেখ হাসিনা বলেন, “তার মৃত্যুতে জাতি হারালো একজন দেশ প্রেমিক রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয় সংসদ হারালো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আর আমরা হারালাম সকল প্রগতিশীল রাজনৈতিক আন্দোলন সংগ্রামের একজন অগ্র সেনানীকে ।"

প্রধানমন্ত্রী প্রয়াত এই নেতার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.