Sylhet Today 24 PRINT

তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার জের: বিচারপতিদের বাসায় ককটেল নিক্ষেপ

নিউজ ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০১৫

পলাতক আসামি হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিসহ অন্য এক বিচারপতির বাসায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। হামলায় কেউ আহত হয়নি এবং পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি।



তারেকের বক্তব্য প্রচার সম্পর্কিত আদেশ দেওয়া সংশ্লিষ্ট বেঞ্চের একজন  বিচারপতি হিসেবে ধারণা করা হচ্ছে এর সঙ্গে বিএনপি-জামায়াতের সন্ত্রাসিরা জড়িত।



পুলিশ সূত্র জানায়, বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট আহুত অবরোধের তৃতীয় দিন ৮ জানুয়ারি সন্ধ্যায় মোটরসাইকেলে দুর্বৃত্তরা বাসার সামনে এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়।



বিচারপতিদের বাসা ধানমণ্ডিতে এবং তাঁরা হলেন- গোবিন্দ চন্দ্র ঠাকুর ও  আবু তাহের মো. সাইফুর রহমান। 



বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রকাশ ও প্রচারে নিষেধাজ্ঞা হাইকোর্টের যে বেঞ্চ থেকে দেওয়া হয় সেই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান।



ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ধানমণ্ডি ৭-এ সড়কের ৯২/বি নম্বরে ওই দুই বিচারপতির বাসভবনে দুটি ককটেল ছোড়া হয়।



ওসি জানান, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ফটকের ওপর ককটেল ছুড়ে দ্রুত পালায়। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ দুই রাউন্ড গুলি করে। তবে বোমা বা গুলিতে কেউ আহত হয়নি। এরপর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.